পৃথিবীতে ক্রিকেট খেলা চলছে দেড়শ বছরেরও বেশি সময় ধরে ৷ ক্রিকেটের এই দেড়শ বছরের ইতিহাসে শুধু যে জয়-পরাজয়ের ঘটনাই ঘুরে ফিরে এসেছে— তা কিন্তু নয় ৷ কখনো কখনো ফলাফলকে একদম ছাপিয়ে গিয়ে কিছু অদ্ভুত ঘটনা ঘটে গেছে এই বাইশ গজের বিনোদনে ৷
আজ ক্রিকেট মাঠে ঘটে যাওয়া সেই রকম কিছু অদ্ভুত ঘটনা থাকছে পাঁচফোড়নের পাঠকদের জন্য ৷
আম্পায়ার, যখন নাপিতের ভূমিকায় !
সাল ১৯৭৪ ৷ ওল্ড ট্রাফোর্ডে ভারত এবং ইংল্যান্ডের মধ্যকার জমজমাট টেস্ট চলছে ৷ ক্রিকেটে হ্যালমেটের ব্যবহার তখনও জনপ্রিয় হয়নি ৷ ফলে হ্যালমেট ছাড়াই ক্রিজে ব্যাট হাতে ইংলিশ বোলারদের শাসন করছিলে কিংবদন্তী ভারতীয় ব্যাটসম্যান সুনীল গাভাস্কার ৷ ব্যাটিং করতে গিয়ে হঠাৎই গাভাস্কার চুল নিয়ে পড়লেন মহা বিপাকে ৷ চুল বারেবারে চোখের সামনে চলে এসে মনোযোগ সরিয়ে দিচ্ছে ৷ গাভাস্কার তখন আম্পায়ার ডিকি বার্ডকে গিয়ে তার সামনের চুলগুলো কেটে দিতে অদ্ভুত এক আবদার করে বসেন ৷

আম্পায়ার গাভাস্কারের সেই অনুরোধ রেখেছিলেন ৷ মাঠে আম্পায়ারকে দিয়ে চুল কাটিয়ে সেই ম্যাচে সেঞ্চুরীও পেয়েছিলেন ভারতীয় এই ব্যাটিং জিনিয়াস ৷
আন্দ্রে নেইলের বিবাহ কাহিনী
ক্রিকেটারদের তো ক্রিকেট নিয়েই সমস্ত ধ্যান জ্ঞান থাকা উচিত ৷ তাই বলে কি বিয়ের মত ব্যক্তিগত ঘটনাতেও ক্রিকেটকে জুড়ে দিতে হবে?
বিষয়টি ঠিক এমনও নয় ৷
দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নে শুরু হতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার চতুর্থ এবং শেষ টেস্ট ৷ ইতিমধ্যে প্রোটিয়ারা যেহেতু সিরিজ জিতে নিয়েছে প্রোটিয়া পেসার আন্দ্রে নেইল ভেবেছিলেন সম্ভবত শেষ টেস্টের জন্য দলে তাকে নাও রাখা হতে পারে ৷ তাই তিনি বিয়ের দিন তারিখ পাকা করে গির্জা এবং আত্মীয় স্বজনকে দাওয়াত দেয়া শেষ করে অপেক্ষার প্রহর গুণছিলেন ৷
গন্ডগোলটা তখুনি বাঁধলো , যখন তিনি দেখলেন চতুর্থ টেস্ট খেলতে সাউথ আফ্রিকা স্কোয়াডে তাকে রাখা হয়েছে ৷ দ্রুত হিসেব কষে নেইল আরো দেখলেন,আসন্ন টেস্টের দ্বিতীয় দিন তার বিয়ের তারিখ পড়েছে ৷

বোর্ড অবশ্য নমনীয়ই ছিল নেইলের প্রতি ৷ তার কাছে ম্যাচ অথবা বিয়ে বেছে নেবার অপশন ছিলো ৷ তবে ক্রিকেটার তো ! দুটোই বেছে নিয়েছিলেন নেইল ৷ দ্বিতীয় দিনের খেলা শেষ করে হ্যালিকপ্টার নিয়ে সোজা বিয়ের মঞ্চে গিয়েছিলেন তিনি ৷ বিয়ে শেষ করে ফিরেই তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজ ফলো অনে পড়ায় ব্রায়ান লারাকে দুইবার বোল্ড করেছিলেন আন্দ্রে নেইল ৷
বেন স্টোকসের সিগারেট ব্রেক
ক্রিকেট বিশেষজ্ঞরা ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপ ফাইনালকে এ যাবৎকালের সবচেয়ে অদ্ভুত ওয়ার্ল্ড কাপ ফাইনাল হিসেবে তকমা দিয়েছেন ৷ ইংল্যান্ডের সেই বিশ্বকাপ জয়ের ঘটনায় যে ক্রিকেটারের একক অবদানের কথা বলা হয় তার নাম বেন স্টোকস ৷

ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের মধ্যকার এই ফাইনাল ম্যাচটি প্রথমে টাই হয়ে যাওয়ার কারনে খেলার ফলাফল নির্ধারনের জন্য আম্পায়াররা সুপার ওভারের সিদ্ধান্ত নেন ৷ ম্যাচ অবশ্য টাই হবার আগেই নিউজিল্যান্ড বিশ্বকাপ জিতে নিতো ৷ কিন্তু ইংল্যান্ডের হয়ে বেন স্টোকস একা লড়াই জারি রেখেছিলেন ৷
ইংল্যান্ডের বিশ্বকাপ বিজয়ের পর ‘Morgan’s Men: The Inside Story of England’s Rise from Cricket World Cup Humiliation to Glory’ নামে প্রকাশিত একটি বইয়ে সেদিনকার ইংল্যান্ড ড্রেসিংরুমের আবহ সম্পর্কে বিস্তারিত জানা যায় ৷ ম্যাচ টাই হওয়ার পর বেন স্টোকস যখন ড্রেসিং রুমে ফিরে আসেন, তিনি নাকি ভীষণ স্নায়ু চাপে ভুগছিলেন ৷ লর্ডস ক্রিকেট গ্রাউন্ড, ২৭ হাজার দর্শক, টিভি-ক্যামেরা, বিশ্বকাপের স্বপ্ন স্টোকসকে মানসিক ভাবে দূর্বল করে দিয়েছিলো ৷ তাই দলপতি মরগ্যান যখন টিম মিটিংয়ে ব্যস্ত স্টোকস তখন শাওয়ার নিতে ওয়াশরুমে চলে যান ৷ সেখানে একটা সিগারেট নিয়ে কয়েকমিনিট ব্যক্তিগত সময় কাটিয়ে সুপার ওভারে ব্যাটিং করতে নামেন ৷
বেন স্টোকস সেই ফাইনাল ম্যাচে নট আউট ৮৪ রান এবং সুপার ওভারে আট রানের জন্য ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন ৷
[ সিগারেট বিশ্বকাপ জিততে সাহায্য করলেও ধুমপান হৃদরোগের কারন ৷ ]
হোয়াট এ কোইন্সিডেন্স !
ক্রিকেট দারুন এক অনিশ্চয়তার খেলা ৷ কিন্তু এত অনিশ্চয়তার ভেতরে মাঝে মাঝে এমন কিছু কাকতালীয় ঘটনা ঘটে যায় যার হিসেব মেলানো সত্যিই ভীষণ মুশকিল ৷
ভারতীয় তিন ব্যাটিং লিজেন্ড শচীন টেন্ডুলকার, ভিরেন্দর শেহওয়াগ এবং রোহিত শর্মা — তিনজনেরই একদিনের ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করবার রেকর্ড আছে ৷
২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ওয়ানডে ম্যাচে ডাবল সেঞ্চুরী করার মাধ্যমে শচীন টেন্ডুলকার নিজের নামের পাশে একদিনের ম্যাচে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড সংযোজন করেন ৷ শচীনের এই বিশ্ব রেকর্ড ভিরেন্দর শেহওয়াগ তার পরের বছরই ভেঙে ফেলেন ৷ শচীনের ২০০ রানের রেকর্ড ভেঙে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১৯ রানের ইনিংস খেলে শেহওয়াগ নতুন বিশ্ব রেকর্ডের মালিক হন ৷ তার তিন বছর পর, ২০১৪ সালে শ্রীলংকার বিপক্ষে এক ওয়ানডে ম্যাচে ২৬৪ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে বসেন শচীন,শেহওয়াগের সতীর্থ ব্যাটিং জিনিয়াস রোহিত শর্মা ৷
কাকতালীয় ব্যাপার হলো— তিন তিনটি ডাবল সেঞ্চুরী, তিন তিনটি ওয়ার্ল্ড রেকর্ড পরবর্তী প্রতিটি ম্যাচেই টিম ইন্ডিয়া ১৫৩ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে ৷ হ্যাঁ, ঠিকই পড়েছেন ৷ প্রতিটি ম্যাচেই ঠিক ১৫৩ রানের জয় পেয়েছে টিম ইন্ডিয়া ৷

এক ওভারে ৭৭ রান
১৯৯০ সালের নিউজিল্যান্ড ৷ চলছে জমজমাট শেল ট্রফির আসর ৷ ঘরোয়া এই টুর্নামেন্টে সেদিন টিম ওয়েলিংটন এবং টিম ক্যান্টারবারি’র মধ্যকার খেলা চলছিলো ৷ ম্যাচটা নিশ্চিত ওয়েলিংটনের হাতেই ছিলো বলা যায় ৷ কেননা জিততে হলে শেষ দুই ওভারে ক্যান্টারবেরির দরকার ৯৫ রান ৷
তখনই বল করতে আসেন ওয়েলিংটনের বোলার বার্ট ভেন্স ৷ ১৭টি নো বল, ৮ টি সিক্স এবং ৬টি চারের মারে ভেন্স ঐ ওভারে একাই ৭৭ রান দিয়ে বসেন ৷ ভেন্স মোট ২২টি বল করেছিলেন ৷ এখন পর্যন্ত ক্রিকেটের ইতিহাসে বার্ট ভেন্সের করা এই ওভারটিকে সর্বকালের সবচেয়ে খরুচে ওভার হিসেবে বিবেচনা করা হয় ৷
References:
- Gavaskar once got a haircut from an umpire while batting
- Andre Nel gets married and dismisses Brian Lara twice the following day
- Ben Stokes took a cigarette break to calm nerves before World Cup final Super Over
- The 77-run over!
Feature Image: Dezeen
